সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ১৯ আগস্ট ঃ প্রধান অতিথি সমাজকল্যান মন্ত্রী

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ ১৮ জুলাই বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও কল্যাণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার শুরুতেই আগামী ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি, অতিথি তালিকা, অনুষ্ঠান পরিচালনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পর্ব, কেক কাটা, আলোচনা সভা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশব্যাপী সংগঠনের সকল জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান সুরমা আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুরুনাহার, দপ্তর সম্পাদক,মোঃ নুরুল ইসলাম খোকন। যুগ্ম মহাসচিব, মোঃ আবু তোহা, ক্রীড়া সম্পাদক,মোঃ কামাল হোসেন। মহিলা বিষয়ক সম্পাদক, দিপা আক্তার, গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী,নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ নুর আলম আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ রাসেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সালেসহ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সদস্যবৃন্দ।
আলোচনা সভায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মোঃ আবু তোহা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়; এটি সংগঠনের অতীত সাফল্য মূল্যায়ন, বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই অনুষ্ঠানটি সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানানো হয়।
সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।





